
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরের টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় ভোররাতে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন, দেশীয় অস্ত্র, নগদ টাকা, বৈদেশিক মুদ্রা এবং মাদক প্যাকেজিংয়ের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (৫ আগস্ট) রাত আনুমানিক ২টা থেকে সকাল ১০টা পর্যন্ত টঙ্গীর হাজী মাজার বস্তি এলাকায় আকস্মিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ২১৯ গ্রাম হেরোইন, ২ হাজার ১০০ পুরিয়া হেরোইন (প্রায় ১.৬ কেজি), ২ লাখ ৬৪ হাজার ৫৬০ টাকা, ২৮০ ওমানি রিয়াল, ১৫টি রামদা, ২টি সামুরাই, একটি স্টিলের চাপাতি, একটি প্লাস্টিকের খেলনা পিস্তল, ১০টি স্টিলের পাইপ, একটি টাকা গণনার মেশিন, একটি প্যাকেজিং মেশিন, ৩টি ডিভিআর এবং স্বর্ণ সদৃশ অলংকার (৩টি চেইন, ৭টি আংটি ও ২টি ব্রেসলেট) উদ্ধার করা হয়।
এছাড়া মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদকাসক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন অভিযানে নেতৃত্ব দেন।
এ সময় গাছা/টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি), ডিবি, এপিবিএন গাজীপুর এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।