রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

গাজীপুরে প্রেম করে বিয়ে, রেললাইনে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুরের শ্রীপুরে রেললাইন থেকে স্বামী-স্ত্রীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (৮ আগস্ট) বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কের ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন—শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (৩০) এবং তার স্বামী আল আমিন। তবে আল আমিনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

স্থানীয় ও স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, রিনা ও আল আমিন দুজনই পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রায় চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের মাধ্যমে আল আমিনকে বিয়ে করেন রিনা। পরিবারের পক্ষ থেকে তাদের বিয়ে মেনে না নেওয়ায় তারা শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

 

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর রেলস্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনের ওপর এক যুবক ও এক যুবতীর ছিন্নবিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে।

 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে চলাচলকারী কোনো একটি ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

নিহত রিনার স্বজনদের দাবি, সম্প্রতি রিনা ও আল আমিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ ও ঝগড়া হতো। পারিবারিক বিরোধের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

 

পুলিশ জানিয়েছে, এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

 

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit