সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের পূবাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত শিক্ষার্থীর নাম নাফিস সরদার (১৫)। তিনি গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের কুদাব এলাকার বাসিন্দা রাসেদ সরদারের ছেলে। পরিবারের সঙ্গে তিনি রাজধানীর উত্তরায় বসবাস করতেন এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন আগে নাফিস হঠাৎ জ্বরে আক্রান্ত হলে প্রথমে তাকে শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও অবস্থার আরও অবনতি ঘটে। শেষ পর্যন্ত রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর নাফিসের শরীরে প্লাটিলেটের মাত্রা দ্রুত কমে যায়। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
নাফিসের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।