সোমবার, ২৭ Jul ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনাকে কেন্দ্র করে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পূবাইল থানার খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুয়েল ওই এলাকার জুলমত আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েকদিন আগে একই এলাকার রুস্তম আলীর অটোরিকশা থেকে চারটি ব্যাটারি চুরির অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে। পরে স্থানীয়ভাবে সালিসের মাধ্যমে বিষয়টি ৪০ হাজার টাকায় মীমাংসা করা হয়।
অভিযোগ রয়েছে, রোববার দুপুরে পূর্বের ওই ঘটনার জের ধরে জুয়েলকে আবারও চোর আখ্যা দিয়ে অটোরিকশার মালিকসহ কয়েকজন গাছের সঙ্গে বেঁধে রাখেন। পরে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়দের দাবি।
দিনদুপুরে এমন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডের ঘটনায় যাদের নাম এসেছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।