সোমবার, ১৩ Jul ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

উৎসবমুখর পরিবেশে সম্পন্ন পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের নির্বাচন সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফ মৃধা নির্বাচিত

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের পূবাইল স্টেশন ব্যবসায়ী পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) পূবাইল বহুমুখী উন্নয়ন সংঘ ক্লাব ভবনে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টার বিরতির পর বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

নির্বাচনে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাফেজ এবাইদুর রহমান জানান, পরিষদের ১৭টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ২১২ জন ভোটারের মধ্যে ২১১ জন ভোট দেন, যা প্রায় শতভাগ উপস্থিতির নজির সৃষ্টি করেছে।

ভোটগ্রহণ শেষে সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন পর্যবেক্ষক শেখ তানভীর আহমেদ ফলাফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে দেলোয়ার হোসেন মোল্লা ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মো. আরিফ মৃধা ৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যান্য নির্বাচিতদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে সেলিম রেজা সাঈদুর, সাংগঠনিক সম্পাদক পদে মো. কাইয়ুম মিয়া, কোষাধ্যক্ষ পদে বিজয় চন্দ্র দাস, সাংস্কৃতিক সম্পাদক পদে শ্রী লাভলু চন্দ্র দাস, উন্নয়নবিষয়ক সম্পাদক পদে সঞ্জিত চন্দ্র দাস এবং ধর্মবিষয়ক (সনাতন) সম্পাদক পদে বিমল চন্দ্র দাস রয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ মিলন শেখ, মো. শাহিন মোল্লা ও সবুজ ভূঁইয়া।

এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে রুহুল আমিন ও সায়েম মোল্লা, দপ্তর সম্পাদক পদে আজিজুল মোল্লা, সহদপ্তর সম্পাদক পদে আবদুল আওয়াল, ধর্মবিষয়ক সম্পাদক পদে মামুন মোল্লা এবং ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মাসুদুর রহমান আলম নির্বাচিত হন।

সহকারী নির্বাচন কমিশনার শামীম মৃধা বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমানও সার্বক্ষণিকভাবে নির্বাচনের পরিস্থিতি তদারকি করেন।

নির্বাচিত সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মো. আরিফ মৃধা নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী, ব্যবসায়ী, ভোটার এবং নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি মো. রবিউল আলম, সাধারণ সম্পাদক মো. ফয়সাল ভূঁইয়া এবং ক্লাবের অন্যান্য সদস্যরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit