সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর টঙ্গীতে তেলবাহী লরির চাপায় সিয়াম (২০) নামে এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গী পূর্ব থানার কলেজ গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকার আলম মার্কেট এলাকার বাসিন্দা আব্দুর রফিকের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ-১২-০০৬৯) কলেজ গেইট এলাকায় পৌঁছালে মোটরসাইকেল চালক সিয়ামকে চাপা দেয়। এতে লরির চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। দুর্ঘটনায় তার কোমর গুরুতরভাবে থেঁতলে যায় এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।
পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পরপরই ঘাতক লরিচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, ঘাতক লরিচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।