সোমবার, ১৩ Jul ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূবাইলে একই দিনে দুই গৃহবধূর আত্মহত্যা

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

 

গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকায় একই দিনে পৃথক দুটি ঘটনায় গলায় ফাঁস দিয়ে দুই গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (৪ জুলাই) বিকেল ও সন্ধ্যায় সংঘটিত এসব ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে পূবাইল থানার খিলগাঁও যোগীপাড়া গ্রামের একটি ভাড়া বাসায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঈশা আক্তার (১৬) নামে এক গৃহবধূকে উদ্ধার করা হয়। পরে তার মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা। ঈশা পূবাইল থানার ৪১ নম্বর ওয়ার্ডের সোড়ল এলাকার জুয়েল মিয়ার মেয়ে। মাত্র দুই মাস আগে তার বিয়ে হয়েছিল এবং তিনি স্বামীর সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

 

একই দিন সন্ধ্যায় পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের মারুকা এলাকায় মরিয়ম আক্তার প্রিয়া (১৯) নামে আরেক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মারুকা এলাকার শাহাজাহানের মেয়ে ও জিহাদের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পারিবারিক বিষয়ে অভিমানের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

দুই ঘটনাতেই মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, দুটি মৃত্যুর ঘটনায় পৃথকভাবে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি প্রতিটি ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit