সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

পূবাইলে চোর গ্রেফতার, উদ্ধার চোরাই ইজিবাইক ও সুইচ গিয়ার চাকু

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

 

গাজীপুর মহানগরীর পূবাইলে অভিযান চালিয়ে একটি চুরি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি চোরাই ইজিবাইক (অটো) ও একটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ জুন) পূবাইল থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টঙ্গী-মীরের বাজার সড়কের করমতলা এলাকায় করমতলা কমিউনিটি হাসপাতালের সামনে থেকে পূবাইল থানার মামলা নং-০৯(০৬)২৬, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড, ১৮৬০-এর এজাহারভুক্ত আসামি জহিরুল ইসলাম জনি (৩০)-কে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত জনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার সোনাচরাবাগ এলাকার মৃত শাহ আলম ও মৃত জোসনা বেগমের ছেলে। পুলিশ জানায়, তিনি দীর্ঘদিন ধরে ভাসমান অবস্থায় বিভিন্ন এলাকায় অবস্থান করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

 

অভিযানকালে আসামির হেফাজত থেকে একটি তিন চাকার লাল-খয়েরি রঙের চোরাই ইজিবাইক (অটো) এবং একটি কাঠের হাতলযুক্ত স্টিলের তৈরি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত চাকুটির দৈর্ঘ্য খোলা অবস্থায় প্রায় ৯ দশমিক ৬ ইঞ্চি বলে পুলিশ জানিয়েছে।

 

উদ্ধারকৃত আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit