সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
রবিউল আলম স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৪২ নম্বর ওয়ার্ডের বিন্দান স্কুলপাড়া এলাকায় এক ব্যবসায়ীর গোয়ালঘর থেকে প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৩টি গরু চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগ সূত্রে জানা যায়, বিন্দান (স্কুলপাড়া) এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোঃ বাকির হোসেন সরকার (মোকারম) (৪৬) শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ১টার দিকে তার গোয়ালঘরে থাকা একটি সাদা-কালো রঙের গাভী, একটি লাল রঙের গাভী এবং একটি কালো রঙের ষাঁড় গরু দেখে নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। পরদিন ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান গোয়ালঘরে থাকা তিনটি গরুই নিখোঁজ।
ভুক্তভোগীর দাবি, রাত ১টা থেকে ভোর ৫টা ৪০ মিনিটের মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরের সংঘবদ্ধ দল তার বাড়ির গোয়ালঘরে প্রবেশ করে গরু তিনটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৫০ হাজার টাকা।
ঘটনার পরপরই তিনি আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং আশপাশের বিভিন্ন এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি চালান। তবে কোথাও গরুগুলোর সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে পূবাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।