সোমবার, ১৩ Jul ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...

যে কারখানায় ২০১৬ সালে প্রাণ হারিয়েছিলেন ৮ জন, সেখানেই ফের বিস্ফোরণ

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় পুরোনো টায়ার থেকে তেল উৎপাদনকারী একটি কারখানায় বয়লার বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২০ জুন) দুপুরে পূবাইল কলেজ গেট এলাকায় অবস্থিত ‘অটো গ্রিন অয়েল’ নামের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে পুরোনো টায়ার গলিয়ে তেল উৎপাদনের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে একটি বয়লার বিস্ফোরিত হলে মুহূর্তেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, বয়লার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়দের ভাষ্য, বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জানুয়ারি একই স্থানে তৎকালীন ‘স্মার্ট মেটাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ’ কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর জেলা প্রশাসন কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেয়। পরে কিছুদিন বন্ধ থাকার পর ‘অটো গ্রিন অয়েল’ নামে নতুনভাবে কার্যক্রম শুরু হয়। বর্তমানে কারখানার চারপাশে উঁচু প্রাচীর নির্মাণ করা হয়েছে, ফলে ভেতরের কার্যক্রম বাইরে থেকে সহজে দেখা যায় না।

ঘটনার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করবে বলে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2019 dailynews
Design & Developed BY starwebhostit