বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক রোগীর হারিয়ে যাওয়া নগদ টাকা, স্বর্ণের নাকফুল, মোবাইলের মেমোরি কার্ড ও মানিব্যাগ উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ মাসুম হাসান (৮৮৪৮৭)।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টার দিকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নান্দেড়াই গ্রামের মোফাজ্জল হোসেন দুলাল (৫৪) চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর মানিব্যাগ হারিয়ে ফেলেন। পরে হাসপাতালের বিভিন্ন স্থানে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও সেটি না পেয়ে বিষয়টি কর্তব্যরত আনসার সদস্য মোঃ মাসুম হাসানকে জানান।
পরে আনসার সদস্য মাসুম হাসান হাসপাতাল এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি মানিব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধার করা মানিব্যাগে ছিল নগদ ৬ হাজার ৯০০ টাকা, একটি স্বর্ণের নাকফুল, একটি মোবাইলের মেমোরি কার্ড ও মানিব্যাগ।
পরবর্তীতে আনসার ক্যাম্প ইনচার্জ ও কর্তব্যরত মেডিকেল অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত মালামাল প্রকৃত মালিক মোফাজ্জল হোসেন দুলালের কাছে হস্তান্তর করা হয়।
হারিয়ে যাওয়া মালামাল ফিরে পেয়ে মোফাজ্জল হোসেন দুলাল আনসার সদস্য মোঃ মাসুম হাসান এবং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ ঘটনায় অঙ্গীভূত আনসার সদস্যের সততা, দায়িত্ববোধ ও মানবিকতার প্রশংসা করেছেন সংশ্লিষ্টরা।