বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সিটি করপোরেশন স্কুল মাঠে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পূর্ব থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় পূবাইল থানা ও টঙ্গী পশ্চিম থানার দল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ৪৭-৩৫ পয়েন্টে টঙ্গী পশ্চিম থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পূবাইল থানা।
খেলা দেখতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও মাঠে উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব বলেও তারা মনে করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি শফিকুল ইসলাম শফিক, এডিসি জিয়াউল হক জিয়া, টঙ্গী সার্কেলের খালিদ মাহমুদ আরাফাত, অপরাধ (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান,এবং পূবাইল থানার ওসি আতিকুর রহমান।
খেলায় ধারাভাষ্য দেন আব্দুর রহিম কালা ও হাতেম আলী।
জিএমপি জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।