বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে রাতের আঁধারে মশাল ও লাঠিসোঁটা নিয়ে একদল লোকের জমায়েতের ঘটনা ঘটেছে। পরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নাগরী ইউনিয়নের উলুখোলা বরইতলা সংলগ্ন এশিয়ান বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি সূত্রে জানা যায়, বুধবার রাতে ৮ থেকে ১০টি প্রাইভেটকার ও ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে অজ্ঞাত একদল লোক উলুখোলা বরইতলা এলাকায় এসে অবস্থান নেয়। তাদের কাছে লাঠিসোঁটা ও মশাল তৈরির বিভিন্ন সরঞ্জাম ছিল বলে স্থানীয়রা জানান।
খবর পেয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও সংঘাত এড়াতে নাগরী ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে ওই দলটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।
নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি রহিম সরকার ও সিনিয়র যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান আকন্দ বলেন, খবর পাওয়ার পরপরই এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নেতাকর্মীরা সতর্ক অবস্থান নেন। এতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মশাল ও মোটরসাইকেল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তারা।
উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের কাছ থেকে হস্তান্তর করা ৩২টি মশাল ও একটি মোটরসাইকেল হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করার তথ্য পাওয়া যায়নি।