বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
রবিউল আলম,স্টাফ রিপোর্টোর:
যুবসমাজকে মাদক, কিশোর অপরাধ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উদ্যোগে টঙ্গীতে অনুষ্ঠিত হয়েছে কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীর সিটি করপোরেশন স্কুল মাঠে জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের টঙ্গী পূর্ব থানার আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অপরাধ (দক্ষিণ) বিভাগের আওতাধীন টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম, গাছা ও পূবাইল থানার দল অংশ নেয়।
প্রথম খেলায় টঙ্গী পূর্ব থানার মুখোমুখি হয় টঙ্গী পশ্চিম থানা। ৩০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৩৩-২৪ পয়েন্টে জয় পায় টঙ্গী পশ্চিম থানা।
এরপর দ্বিতীয় খেলায় মুখোমুখি হয় গাছা ও পূবাইল থানা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৪-১৭ পয়েন্টে গাছা থানাকে হারিয়ে জয় পায় পূবাইল থানা।
ফলে আগামীকাল অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে টঙ্গী পশ্চিম থানা ও পূবাইল থানা।
খেলা দেখতে মাঠে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় ক্রীড়াপ্রেমীদেরও উপস্থিতি ছিল। প্রতিযোগিতায় খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও কর্মস্পৃহা বৃদ্ধির পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখা সম্ভব বলেও মনে করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের ডিসি শফিকুল ইসলাম শফিক, এডিসি জিয়াউল হক জিয়া, টঙ্গী সার্কেলের খালিদ মাহমুদ আরাফাত, অপরাধ (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক, টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম, টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান, গাছা থানার ওসি মো. গোলাম রাব্বানী এবং পূবাইল থানার ওসি আতিকুর রহমান।
খেলায় ধারাভাষ্য দেন আব্দুর রহিম কালা ও হাতেম আলী।
আয়োজক টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
এদিকে আগামীকাল অনুষ্ঠিতব্য ফাইনাল খেলা দেখতে ক্রীড়াপ্রেমী ও স্থানীয়দের আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি।