বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে অভিযান চালিয়ে ৮৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাহমিনা (৩৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কবির হোসেন পালিয়ে যান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টা থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত উপজেলার বরমী মধ্যপাড়া এলাকায় এ অভিযান চালায় শ্রীপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে জনৈক কাজলের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া কবির হোসেনের বসতঘর থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় কবির হোসেন কৌশলে পালিয়ে গেলেও তার স্ত্রী তাহমিনাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাহমিনা মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে গাজীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরমী মধ্যপাড়া এলাকার ওই বাড়ি থেকে ৮৮ কেজি নিষিদ্ধ গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে কবির হোসেন পালিয়ে গেলেও মাদক কেনাবেচায় সম্পৃক্ততার অভিযোগে তার স্ত্রী তাহমিনাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় শ্রীপুর থানার উপপরিদর্শক আব্দুল কুদ্দুস বাদী হয়ে নিয়মিত মামলা করেছেন। গ্রেপ্তার তাহমিনাকে আদালতে পাঠানো হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, পলাতক কবির হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টি মামলা এবং পুলিশের ওপর হামলার একটি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম (ডিবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম (কালিয়াকৈর সার্কেল), গাজীপুরের ডিআইও-১ মো. আবুল বাশার মিয়া এবং শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, পলাতক কবির হোসেনসহ এলাকার চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।