বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। অভিযানে সড়কের ওপর গড়ে ওঠা বেশ কয়েকটি অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাতের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
অভিযানের ফলে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত ও সড়কের একটি অংশ দখলমুক্ত হয়। এতে পথচারীদের চলাচল এবং যানবাহন চলাচলে কিছুটা স্বাভাবিক পরিবেশ ফিরে আসে।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি যানজটও কমানো সম্ভব হবে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ বলেন, “নগরীর যানজট কমানো ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”
অভিযানের সময় মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান, যুবদল নেতা ফারুক মৃধাসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।